দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় তাঁর হাতে জ্বলন্ত সিগারেট থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা শুরু হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে প্রক্টরিয়াল বডি। প্রক্টরের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক ও নিরাপত্তা সেলের কর্মকর্তারা অভিযানে অংশ নেন।
অভিযানে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর, ঝাল চত্বর, বিভিন্ন একাডেমিক ভবনের আশপাশ, কেন্দ্রীয় ক্রিকেট মাঠের কোণ, পেয়ারা বাগান, ছাত্রী হল এলাকা ও ইবি লেকে তল্লাশি চালানো হয়।
পরে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি নামের একটি ফেসবুক পেজে অভিযানের ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে প্রক্টরিয়াল বডির সদস্যদের বিভিন্ন স্থানে অভিযান চালানো ও শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। একই সময়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের হাতে জ্বলন্ত সিগারেটও দেখা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, একজন প্রক্টর এভাবে প্রকাশ্যে সিগারেট হাতে মাদকবিরোধী অভিযান করছেন, এটি দেখে শিক্ষার্থীরা কী শিক্ষা পাবে? মাদকবিরোধী অভিযানে দায়িত্ব পালনকারী একজন কর্মকর্তার হাতে সিগারেট থাকাটা অভিযানের উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। শিক্ষকদের প্রকাশ্যে ধূমপান থেকে বিরত থাকা উচিত।
অন্য এক শিক্ষার্থী ব্যঙ্গ করে বলেন, তাঁর অভিযান দেখে সত্যিই চোখ জুড়িয়ে গেল। মাদকবিরোধী অভিযানের গুরুত্ব তিনি এত গভীরভাবে অনুধাবন করেছেন যে হাতে সিগারেট জ্বালিয়েই মাঠে নেমে পড়েছেন। প্রক্টর স্যারের এই ধোঁয়াটে অভিযান দেখে বোঝা গেল না, তিনি ক্যাম্পাস থেকে মাদক দূর করতে এসেছিলেন, নাকি সিগারেট ফোঁকার জন্য নিরাপদ জায়গা খুঁজছিলেন।
অভিযানে কোনো মাদকদ্রব্য পাওয়া গেছে কি না জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রক্টরের নির্দেশে রাতে অভিযান চালানো হয়। অভিযানে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। তবে ক্যাম্পাসের বিভিন্ন আনাচে-কানাচে চার-পাঁচটি প্রেমিক জুটি দেখা গেছে। তাদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি দেখা গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রক্টর জানিয়েছেন।
তিনি আরও বলেন, গতকালের অভিযানে কোনো মাদক পাওয়া না গেলেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে জানতে ইবির প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এমএস/